ইতালিতে ভোডাফোনের ব্যবসা কিনে নিচ্ছে সুইসকম
বহুজাতিক মোবাইল পরিষেবা কোম্পানি ভোডাফোন ইতালিতে তাদের ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। ৮০০ কোটি ইউরোয় কোম্পানিটির ইতালির ব্যবসা কিনে নেবে সুইজারল্যান্ডভিত্তিক সুইসকম। দেশটিতে ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নেয়ার পাশাপাশি শেয়ারহোল্ডারদের ৪০০ কোটি ইউরো ফেরত দেয়ার পরিকল্পনা করেছে ভোডাফোন। খবর দ্য গার্ডিয়ান।
ভোডাফোন জানিয়েছে, ইউরোপে ব্যবসা নিয়ে বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এ বিক্রি চুক্তিতে পৌঁছেছে এবং শেয়ার বাই-ব্যাকের মাধ্যমে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেয়া হবে। তবে এখনই ইতালি ছাড়ছে না ভোডাফোন। লেনদেনের অংশ হিসেবে আগামী পাঁচ বছর সুইসকমকে নির্দিষ্ট পরিষেবা দিয়ে যাবে।
গত বছর ভোডাফোনে প্রধান নির্বাহী (সিইও) হিসেবে যোগ দেন মার্গেরিটা ডেলা ভ্যালে। এর আগে ২০১৫-১৮ সালে কোম্পানির ডেপুটি চিফ ফাইন্যান্সিয়াল অফিসারের দায়িত্ব পালন করেন তিনি। নতুন করে দায়িত্ব নেয়ার পর ভোডাফোন পুনর্গঠনের উদ্যোগ নেন মার্গেরিটা। এসব পদক্ষেপের একটি হলো ইতালির ব্যবসার বিক্রি চুক্তি।
সাম্প্রতিক সময়ে ভোডাফোন ব্যবসার ক্ষেত্রে নেতিবাচক প্রবণতা দেখছে। কোম্পানির শেয়ারের মূল্য ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন হতে দেখা যায়। এ কারণে ব্যবসা পুনর্গঠনের পদক্ষেপ নেয়া হয়েছে।
ডিবিটেক/বিএমটি







